ইরান-লেবাননের পাশে দাঁড়াচ্ছে চীন

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১৬:৪৬ | অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তাণ্ডবে বিধ্বস্ত ইরান ও লেবাননের পাশে দাঁড়াচ্ছে চীন। যুদ্ধাবস্থার মধ্য দিয়ে যাওয়া দেশ দুটির মানবিক বিপর্যয় মোকাবিলায় সহায়তার ঘোষণা দিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, বেইজিং ইরান ও লেবাননের ‘পুনরুদ্ধার ও পুনর্গঠন’ কার্যক্রমে সহায়তা করবে। এই ঘোষণা এমন সময়ে এসেছে, যখন পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে পৌঁছেছে। 

লিন জিয়ান বলেছেন, ‘ইরান ও লেবাননে যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ে চীন গভীরভাবে মর্মাহত। সংশ্লিষ্ট দেশগুলোর বাস্তব পরিস্থিতি বিবেচনায় চীন ইরান ও লেবাননকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে সেখানে জনগণের পুনরুদ্ধার, পুনর্গঠন এবং অর্থনীতি ও জীবনমান উন্নত করতে সহায়তা করা যায়।’

লিন জিয়ান জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর এটি দ্বিতীয়বারের মতো তেহরানকে সহায়তা দেয়ার ঘোষণা দিল বেইজিং। এর আগে মার্চ মাসেও ইরানে সহায়তা পাঠিয়েছিল বেইজিং।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতায় সম্মত হয়েছে। এই সমঝোতা স্মারকে স্বাক্ষর অনুষ্ঠান আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।