হরমুজ প্রণালী আবারও বন্ধ হতে পারে: ফাতিহ বিরোল
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৬:২৬ | অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক চুক্তিকে স্বাগত জানিয়ে হরমুজ প্রণালী কোনো শর্ত ছাড়াই অবিলম্বে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-র প্রধান ফাতিহ বিরোল।
একই সাথে তিনি সতর্ক করে বলেছেন, এই গুরুত্বপূর্ণ জলপথটি যেহেতু একবার বন্ধ হয়েছে, তাই ভবিষ্যতে এটি আবারও বন্ধ হওয়ার ঝুঁকি থেকেই যায়।
ইস্তাম্বুলে আয়োজিত এক অনুষ্ঠানে ফাতিহ বিরোল উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধের সময় ইরান এই কৌশলগত জলপথটি বন্ধ করে দিয়েছিল। এই ঘটনার পর বিশ্বের বেশ কয়েকটি দেশ তাদের জ্বালানি নীতি নতুন করে পর্যালোচনা করতে শুরু করেছে।
চলমান এই সংকট বৈশ্বিক জ্বালানি মানচিত্রকে আমূল বদলে দিয়েছে উল্লেখ করে তিনি জানান, আইইএ এখন বিভিন্ন দেশের সাথে নতুন জ্বালানি কৌশল নিয়ে আলোচনা করবে। এছাড়া বৈশ্বিক জ্বালানি বাজারে স্থায়িত্ব ফেরাতে বিশ্বাস বজায় রাখা অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।
ঘোষিত এই চুক্তির আওতায়, ইরান হরমুজ প্রণালীটি পুনরায় উন্মুক্ত করে দেবে এবং বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। এর মাধ্যমে ইতিহাসের অন্যতম বৃহত্তম তেল সরবরাহ সংকটের অবসান ঘটতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
চুক্তির ভবিষ্যৎ নিয়ে ফাতিহ বিরোল বলেন, আমরা এখন এই চুক্তির খুঁটিনাটি এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ করব। তবে সম্পর্কের যে ফাটল ধরেছে, তা সহজে জোড়া লাগার নয়। সব পক্ষই এখন খুব ভালো করেই জানে যে হরমুজ প্রণালী একবার বন্ধ হয়েছিল এবং যেকোনো সময় এটি আবারও বন্ধ হতে পারে।
