যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন, আজ থেকেই কার্যকর
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৭:২৬ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

অবশেষ লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে একমত হয়েছে। শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন মার্কিন ও ইসরায়েলি ঊর্ধ্বতন কর্মকর্তা।
এর আগে বৃহস্পতিবার রাতভর লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলার জেরে শুক্রবার সুইজারল্যান্ডে পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিত করা হয়েছে। আলোচনা স্থগিত হওয়ায় বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
লেবাননের স্থানীয় সময় বিকাল ৪টার দিকে মার্কিন ওই কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই সময় থেকেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, দিনের শুরুতে চরম উত্তেজনার পর ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের সহায়তায় এই সমঝোতায় পৌঁছেছেন।
মূলত, যুদ্ধের অবসানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবাননে স্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ থাকলেও সেখানে হামলা অব্যাহত রাখে ইসরায়েল। এর প্রতিবাদে শান্তি চুক্তি বাস্তবায়নে আজ শুক্রবার সুইজারল্যান্ডে মার্কিন আলোচকদের সঙ্গে নির্ধারিত বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানি প্রতিনিধি দল।
আবা/এসআর/২৬
