লেবাননে হামলা বন্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু
প্রকাশ : ২০ জুন ২০২৬, ২২:৩৬ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ লেবাননে হামলা বন্ধ ও যুদ্ধবিরতি মেনে চলতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই এই সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি নেতারা। তবে লেবাননে অধিকৃত এলাকাগুলোতে সেনারা তাদের বর্তমান অবস্থান বজায় রাখবে, যাতে হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর জবাব দেওয়া যায়।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, তারা ‘রাজনৈতিক মহলের নির্দেশনা অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসরায়েল রাষ্ট্র ও সৈন্যদের জন্য যেকোনো হুমকি দূর করতে পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।’
লেবাননে নতুন করে ইসরায়েলি হামলার জেরে ইরানের সামরিক বাহিনী বিশ্বের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের পক্ষ থেকে হামলা বন্ধের এই বার্তা এলো।
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল
আবা/এসআর/২৬
