জেডি ভ্যান্স

'শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র-ইরান'

প্রকাশ : ২১ জুন ২০২৬, ২০:৩৪ | অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে চলমান আলোচনার ফাঁকে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জেডি ভ্যান্স বলেন, গত কয়েক দিনে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর রাখার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হয়েছে। এই ধরনের যুদ্ধবিরতি প্রক্রিয়া কিছুটা জটিল বা অগোছালো হয় উল্লেখ করে তিনি বলেন, কারিগরি পর্যায়ের এই আলোচনা হয়তো সব মতভেদ দূর করতে পারবে না, তবে এর মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো দুই দেশের প্রতিনিধিরা দলগতভাবে একসঙ্গে বসার সুযোগ পেয়েছেন। 

ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের একগুচ্ছ সমস্যার কূটনৈতিক সমাধানের ক্ষমতা দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্কের স্থায়ী পরিবর্তন আনতে পারি কি না। আলোচনার মাধ্যমে দুই দেশই এখন এমন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখছে যেখানে সবাই মিলে শান্তি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে কাজ করবে।

যদিও ভ্যান্স মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করেন, তবে তিনি গত কয়েক ঘণ্টায় আলোচনায় অর্জিত চমৎকার অগ্রগতির প্রশংসা করেন। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইরান এখন শান্তি ও সমৃদ্ধি রক্ষায় ‘একসঙ্গে কাজ করবে।