তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, সহস্রাধিক স্কুল বন্ধ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৬:৫৩ | অনলাইন সংস্করণ

তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে যুক্তরাজ্য। মাত্রাতিরিক্ত গরমের কারণে দেশজুড়ে এক হাজারের বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কিছু কিছু এলাকায় নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আজ বুধবার (২৪ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ইতিমধ্যে ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গরমের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ওয়েলসে। সেখানকার মধ্য ও দক্ষিণ অঞ্চলের ৫০০টিরও বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিক বন্ধ রয়েছে। বিশেষ করে ব্লেনাউ গওয়েন্ট এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া কেয়ারফিলি ও ব্রিজেন্ডসহ কার্ডিফ, নিউপোর্ট, সোয়ানসি ও মনমাউথশায়ারের অধিকাংশ স্কুলেই স্বাভাবিক পাঠদান কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

ওয়েলসের পাশাপাশি ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলেও গরমের তীব্রতা ভয়াবহ রূপ নিয়েছে। সেখানকার অন্তত ৫৭৮টি স্কুল তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ অথবা আংশিক চালু রয়েছে। সব মিলিয়ে ইংল্যান্ড ও ওয়েলসের এক হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান তীব্র দাবদাহের কারণে তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া এই তাপপ্রবাহে নতুন রেকর্ড গড়েছে জার্সি দ্বীপপুঞ্জ। জার্সি আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত মঙ্গলবার সেখানে তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে (৯৯ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছায়, যা দেশটির ইতিহাসে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা।

প্রচণ্ড গরমে শিশু ও শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্থানীয় প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিছু এলাকায় অনলাইন ক্লাসের কথাও ভাবা হচ্ছে বলে জানা গেছে।