ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৭:৫৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯২০ জনে। আহত হয়েছেন আরও ৩ হাজার ৩৬০ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অন্তত ১৭২ জন। নিখোঁজের তালিকা ছাড়িয়েছে ৫০ হাজার।
বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার (২৬ জুন) ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সরকারি হিসাব তুলে ধরে বলেন, ভূমিকম্পে এখন পর্যন্ত ৯২০ জনের মৃত্যু হয়েছে।
এর আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছিলেন, ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন। শুক্রবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্য পরিদর্শনের সময় তিনি জানান, বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল সেখানে পৌঁছাতে শুরু করেছে।
তবে ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত বুধবার রাতে মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে দ্বিতীয়টি ১৯০০ সালের পর ভেনেজুয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।
ভূতত্ত্ববিদদের প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, দেশটির উপকূলজুড়ে বিস্তৃত সান সেবাস্তিয়ান ফল্টে ফাটল সৃষ্টি হওয়ার কারণেই ভূমিকম্প দুটি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের শক্তিশালী ভূমিকম্পে সাধারণত ১০০ থেকে ২০০ কিলোমিটার দীর্ঘ ফল্ট লাইনে ভাঙন সৃষ্টি হতে পারে।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তৎপরতায় আন্তর্জাতিক সহায়তাও জোরদার হচ্ছে। উদ্ধারকারী দল, প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর, ড্রোন এবং জরুরি সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, মেক্সিকো ও সুইজারল্যান্ড। পাশাপাশি যুদ্ধজাহাজ ও পরিবহন বিমান মোতায়েনের পাশাপাশি ১৫ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করেছে ওয়াশিংটন।
সূত্র: বিবিসি
আবা/এসআর/২৬
