হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১৭:১১ | অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর এবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২৭ জুন) ব্রিটিশ সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা 'ইউকেএমটিও' জানিয়েছে, অজ্ঞাত একটি বস্তু হরমুজে ট্যাংকারে আঘাত হেনেছে। ট্যাংকারের ক্যাপ্টেন হামলার বিষয়টি জানিয়েছেন।

সংস্থাটি জানায়, হামলার পর জাহাজটির নাবিক ও ক্রুরা নিরাপদে আছেন এবং এ ঘটনায় কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 
এ হামলা কারা করেছে তা এখনও জানা যায়নি। এছাড়া কোনো পক্ষ দায় এখন পর্যন্ত এ দায় স্বীকার করেনি।
 
এদিকে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ভোরে ইরান তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে। এ ঘটনাকে দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের একটি 'গুরুতর লঙ্ঘন' বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, একাধিক ড্রোন বাহরাইনের ভূখণ্ডকে লক্ষ্য করে হামলা চালায়। তবে হামলার সুনির্দিষ্ট স্থান বা লক্ষ্যবস্তুর ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই হামলা বেসামরিক নাগরিকদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং অঞ্চলে চলমান উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে দুর্বল করেছে।
 
হরমুজ প্রণালির কাছে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার জেরে নতুন করে পরস্পরের ওপর হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) রাতে জানিয়েছে, উপসাগরে একটি ট্যাংকারের ওপর ইরানি ড্রোন হামলার জবাবে তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার সাইটগুলোর ওপর একটি 'শক্তিশালী' হামলা চালিয়েছে।
 
তারা আরও বলেছে, গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক বাণিজ্যপথ (হরমুজ প্রণালি) দিয়ে যখন ব্যবসা-বাণিজ্য বাড়ছে, তখন ইরানের এমন বিপজ্জনক আচরণ নৌ চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করেছে।
 
এদিকে ইরান এই হামলার নিন্দা জানিয়েছে এবং সেই সঙ্গে পাল্টা হামলা চালিয়েছে। ইরানের ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বলেছে, ওয়াশিংটন বরাবরের মতোই তার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং ইরানের নৌবাহিনী এই অঞ্চলের সেইসব স্থানে হামলা চালিয়েছে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে।