তেহরান মেট্রোতে রেকর্ড: খামেনির শেষবিদায় ঘিরে ৭০ লাখ যাত্রীর যাতায়াত

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১৭:৪৫ | অনলাইন সংস্করণ

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষবিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী তেহরানের মেট্রো রেলে রেকর্ডসংখ্যক যাত্রী যাতায়াত করেছেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে রবিবার (৫ জুলাই) সকাল ৭টা পর্যন্ত মাত্র সাড়ে ১৩ ঘণ্টায় তেহরান মেট্রো নেটওয়ার্ক ব্যবহার করেছেন ৭০ লক্ষাধিক যাত্রী।

মূলত তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় (গ্র্যান্ড মোসাল্লা) সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারের সদস্যদের জানাজা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের কারণেই রেলে এই নজিরবিহীন যাত্রীজট তৈরি হয়। রবিবার রাত ৮টা পর্যন্ত এই শেষবিদায়ের আনুষ্ঠানিকতা চলার কথা রয়েছে।

জানাজা অনুষ্ঠানে মানুষের উপচেপড়া ভিড় সামাল দিতে এবং যাতায়াত সহজ করতে আয়োজক কমিটির পক্ষ থেকেই আগেভাগে সাধারণ মানুষকে ব্যক্তিগত গাড়ি পরিহার করে মেট্রো রেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল। আর এই নির্দেশনার ফলেই তেহরানের পাতাল রেলে যাত্রীসংখ্যার এই বিশাল রেকর্ড তৈরি হয়েছে।