যুদ্ধের মধ্যেই হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ওমান

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৪:৪৪ | অনলাইন সংস্করণ

যুদ্ধের মধ্যেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উপসাগরী দেশ ওমান। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সালালার প্রায় ১৯৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টা ১ মিনিটে সৌদি আরবের জাতীয় ভূকম্পন নেটওয়ার্কের স্টেশনগুলোতে এই কম্পন রেকর্ড করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ওমানের ধোফার গভর্নরেটের রাজধানী সালালার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরের তলদেশে।

এই ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের আর্থকোয়েক মনিটরিং সেন্টারের তথ্যমতে, আরব সাগরে সৃষ্ট এই ভূকম্পন ‘ওয়েন ফ্র্যাকচার জোন’-এর সঙ্গে সম্পর্কিত। এটি একটি ট্রান্সফর্ম ফল্ট বা বিচ্যুতি অঞ্চল, যা আরব ও ভারতীয় টেকটোনিক প্লেটকে পৃথক করেছে। এই অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প হওয়া স্বাভাবিক ঘটনা।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের অন্য সব দেশের মতো ওমানেও যুদ্ধের আঁচ লেগেছে। দেশটিতে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এছাড়া দেশটির উপকূলে বেশ কয়েকটি জাহাজও হামলার শিকার হয়েছে।

একই দিনে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসের উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শুক্রবারের এই ভূকম্পনের ফলে পার্শ্ববর্তী গুয়াতেমালা ও এল সালভাদরের বিভিন্ন স্থানে ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের জেরে উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।