জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ মার্কিন সেনা নিহত
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৭:০১ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ ঘটনায় আরও একজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন।
শনিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে সেন্টকম জানায়, জর্ডানে অবস্থানরত মার্কিন ও মিত্রবাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় এই হতাহতের ঘটনা ঘটে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলায় আহত অন্য চার মার্কিন সেনাকে জর্ডানের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া সামান্য আঘাত পাওয়া অন্য কয়েকজন সেনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে নিজেদের দায়িত্বে ফিরেছেন।
নিহত সেনাদের পরিচয় এখনই প্রকাশ করেনি সেন্টকম। নিয়ম অনুযায়ী, নিহত সেনাদের পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানানোর ২৪ ঘণ্টা পর তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহত সেনাদের স্মরণ করে লিখেছেন, ‘বিদায়, বীরেরা। আপনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে।’
আবা/এসআর/২৬
