ইরাক থেকে আসা একাধিক ড্রোন ভূপাতিতের দাবি সৌদির

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ২৩:০৮ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের ভূখণ্ড থেকে সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল স্থাপনা লক্ষ্য করে আসা একাধিক চালকহীন বিমান বা ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করে, ইরাকে সক্রিয় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এই ড্রোন হামলা চালিয়েছিল। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়।

এদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে যে, সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় তারাই এই হামলা চালিয়েছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ধারাবাহিকতায় আরামকোর স্থাপনাগুলো তাদের নিশানায় পরিণত হয়।

ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর জড়িত থাকার বিষয়ে সৌদি সরকারের অভিযোগ এবং পরবর্তীতে ইয়েমেনের হুতিদের দায় স্বীকারের মধ্য দিয়ে পশ্চিম এশিয়া অঞ্চলে নতুন করে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা তৈরি হলো।

 

আবা/এসআর/২৬