ভারতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ২৩:৩৭ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

মোদি সরকারের বিরুদ্ধে ভারতজুড়ে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে আন্দোলনকারীদের মুক্তি দেওয়া না হলে মঙ্গলবার থেকে পুনরায় কঠোর আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির তরুণদের আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজিপি)।
সোমবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, মূল দাবির একটি বাস্তবায়িত হওয়ায় অর্থাৎ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর দিল্লির যন্তর মন্তরে ৩৭ দিনের টানা অবস্থান কর্মসূচি ‘সম্মানের খাতিরে’ তুলে নিয়েছিল অভিজিৎ দিপকের নেতৃত্বাধীন এই আন্দোলন।
কিন্তু সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বিজেপি নেতা ও দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জীতেন্দ্র সিংকে উদ্দেশ্য করে লিখেছেন, আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশন না নেওয়ার যে চুক্তি হয়েছিল, তা পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে। বিহার ও বাংলা থেকে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লির লজিস্টিক সহযোগিতাকারী স্বেচ্ছাসেবকদের আটক এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের ওপর নজরদারি ও হেনস্তার একের পর এক খবর আসছে।
তিনি বলেন, ‘‘আমরা আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সকল এফআইআর অবিলম্বে প্রত্যাহার, শিক্ষার্থীদের মুক্তি এবং চুক্তি অনুযায়ী দিল্লি পুলিশ বা কেন্দ্র ও বিজেপির মিত্র রাজ্যগুলোর পুলিশ যেন নতুন কোনো এফআইআর দায়ের না করে, সেই দাবি জানাচ্ছি। অন্যথায়, আমরা আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হব।’’
এছাড়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে হওয়া লিখিত সমঝোতা এবং তা বাস্তবায়নের সময়সূচি মঙ্গলবারের মধ্যে প্রকাশ করারও দাবি জানান তিনি।
আবা/এসআর/২৬
