বাংলাদেশিসহ গ্রিসের উপকূলে ২ শতাধিক অভিবাসী উদ্ধার
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৮:১২ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

গ্রিসের উপকূলে পৃথক অভিযানে ২০০ জনের বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। উদ্ধার হওয়া এসব অভিবাসীর বেশির ভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক।
গ্রিক সংবাদমাধ্যম ডিমোক্রেটিয়ার বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসা একের পর এক নৌকায় ৪৮ ঘণ্টার কম সময়ে অন্তত ২০২ জন অভিবাসী ক্রিট দ্বীপে এসে পৌঁছান। এতে দ্বীপে অবস্থিত অস্থায়ী অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।
ডিমোক্রেটিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষাকারী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রায় ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকার সন্ধান পায়।
খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ড ও একটি মাছ ধরার ট্রলার যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে আইয়েরাপেত্রা বন্দরে নিয়ে যায়। বর্তমানে সেখানে তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।
এর মাত্র কয়েক ঘণ্টা আগে দুটি পৃথক নৌকা থেকে ১১২ জন অভিবাসীকে উদ্ধার করে গ্রিক কর্তৃপক্ষ। এর মধ্যে প্রথম দলটি ৫৬ জনের, যার মধ্যে ৩১ জন সুদান ও ২৫ জন বাংলাদেশের নাগরিক। অন্যদিকে দ্বিতীয় নৌকাটিতে থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জনই বাংলাদেশি ও ৯ জন মিসরের নাগরিক।
উদ্ধার হওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের একটি সাময়িক আবাসনকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। দ্বীপে ক্রমাগত অবৈধ অভিবাসীদের আগমন বাড়তে থাকায় কেন্দ্রটি তাদের সাময়িক আশ্রয়ে ব্যবহার করা হচ্ছে।
আবা/এসআর/২৬
