শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে জো বাইডেনের ক্যানসার

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২২:৩৭ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে এবং তিনি হাড়ের ব্যথায় ভুগছেন বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।

শুক্রবার (৭ আগস্ট) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থা নিয়ে কথার বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন হান্টার। তিনি বলেন, বাবার এমন পরিস্থিতি দেখা তার জন্য অত্যন্ত কষ্টের।

হান্টার বলেন, ‘ক্যানসার ছড়িয়ে পড়েছে। হাড়ে এবং আরও অন্যান্য জায়গায় মেটাস্ট্যাসিস হয়েছে। এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং অনেক দিক থেকেই তাকে বেশ দুর্বল করে ফেলেছে।

৮৩ বছর বয়সি জো বাইডেন ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ব্যক্তি। তার  মেয়াদজুড়ে বয়স নিয়ে উদ্বেগ ছিল। বিশেষ করে পরবর্তী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে বিপর্যয়কর পারফরম্যান্সের পর পুনর্নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়ার ঘটনায় বাইডেন ও তার হোয়াইট হাউসের উপদেষ্টারা তার শারীরিক ও মানসিক সমস্যার মাত্রা গোপন করেছিলেন বলে তীব্র সমালোচনা হয়।

হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময় পর গত বছরের মে মাসে বাইডেন তার ক্যানসার শনাক্ত হওয়ার কথা প্রকাশ্যে জানান।হান্টার বলেন, এই রোগ নির্ণয়ের খবরটি পুরো পরিবারের জন্য অত্যন্ত কঠিন ছিল।
 
তিনি বলেন, ‘এটা দেখা সত্যিই খুব দুঃখজনক। তবে অসুস্থতার মধ্যেও তার বাবা গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে প্রকাশ্যে কথা বলছেন বলে জানান হান্টার।

তিনি আরও বলেন, ‘তিনি এখনও সক্রিয় আছেন। তিনি এখনও নিজের মতো করে কাজ করে যাচ্ছেন। তিনি এই দেশটির প্রতি গভীরভাবে বিশ্বাস করেন।’
 
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর জো বাইডেন ‘প্রমিস মি, আমেরিকা’ নামে একটি স্মৃতিকথা প্রকাশ করবেন বলে জানা গেছে।
 
তথ্যসূত্র: এপি

 

আবা/এসআর/২৬