ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৬:৫৪ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের ফ্লোরেস দ্বীপের উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোরে আঘাত হানা ভূমিকম্পের পর দেশটির কয়েকটি অঞ্চলে সুনামির প্রাথমিক সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফ্লোরেস দ্বীপের উত্তর উপকূল থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

প্রধান ভূমিকম্পের পর একই এলাকায় কয়েকটি শক্তিশালী পরাঘাত অনুভূত হয়েছে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এর মধ্যে তিনটির মাত্রা ছিল ৫ দশমিক ৯, ৫ দশমিক ৬ ও ৬ দশমিক ১।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) দেশটির পূর্ব নুসা তেঙ্গারা, পশ্চিম নুসা তেঙ্গারা, দক্ষিণ সুলাওয়েসি ও দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির কিছু এলাকায় সুনামির সতর্কতা জারি করেছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের সমুদ্রসৈকত ও নদীর তীর থেকে দূরে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। 

ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে, ভূমিকম্পটির কম্পনে প্রায় পাঁচ লাখ মানুষ খুব শক্তিশালী থেকে তীব্র ঝাঁকুনির মুখে পড়েছেন। এমন কম্পনে ভালোভাবে নির্মিত ভবনে সামান্য থেকে মাঝারি এবং দুর্বল ভবনে বড় ধরনের ক্ষতি হতে পারে। 

প্রাথমিকভাবে ফ্লোরেস দ্বীপের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ভূমিকম্পে হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কম্পনের ওপর ভিত্তি করে ইউএসজিএসের প্রাথমিক অনুমান অনুযায়ী, শক্তিশালী এই ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। যদিও এ বিষয়ে ইন্দোনেশীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

 

আবা/এসআর/২৬