তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৮:২৯ | অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের কথা উল্লেখ করে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তি জারির এক ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না।
দুপুর ২টা ২৫ মিনিটে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) বিবৃতিটি প্রকাশ করলেও বিকেলের আগেই তা প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে ঢাকা বা দিল্লির কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার কথা এর আগে জানিয়েছিলেন কর্মকর্তারা। তারা বলেছিলেন, আগস্টের তৃতীয় সপ্তাহে এ সফর হতে পারে।
