সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৬:৩১ | অনলাইন সংস্করণ

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সোমবার ইরানের রাজধানী তেহরান সফর করবেন।

আজ রোববার (২৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন। সফরে চলমান যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি প্রতিনিধিদলের এ সফরের লক্ষ্য দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টাকে আরও এগিয়ে নেওয়াও সফরের অন্যতম উদ্দেশ্য।

সফরকালে আসিম মুনির ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান বাঘাই।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের সময় পাকিস্তান দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। ইসলামাবাদ একই সঙ্গে তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।

এর আগে ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে এবং চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করে। তবে নিরাপত্তার নিশ্চয়তা এবং বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধের কারণে পরে আলোচনা স্থবির হয়ে যায়।

৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলাও হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামে হামলা চালায়।