রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২০:৫৭ | অনলাইন সংস্করণ

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইসঙ্গে বাংলাদেশ-চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) পাঠানো এক অভিনন্দনবার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে পারস্পরিক সম্মান, সমতা এবং একে অপরের গুরুত্বপূর্ণ স্বার্থ ও উদ্বেগের বিষয়ে সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।
তিনি বলেন, নিজ নিজ আধুনিকায়নের যাত্রায় দুই দেশ একসঙ্গে কাজ করেছে। দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির নানা চ্যালেঞ্জের মধ্যেও চীন-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ়ভাবে টিকে রয়েছে।
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে চীন অত্যন্ত গুরুত্ব দেয় উল্লেখ করে শি জিনপিং বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া এবং কৌশলগত যোগাযোগ আরও জোরদার করতে তিনি আগ্রহী।
তিনি আরও বলেন, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা আরও গভীর করতে চায় চীন। এর মাধ্যমে নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বার্তার শেষে শি জিনপিং বলেন, দুই দেশের সম্পর্কের এই অগ্রগতির সুফল ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের জনগণ আরও বেশি ভোগ করতে পারবেন।
