হরমুজ নিয়ে ইরান ও ওমানের মাঝে সমঝোতা

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ২৩:১৩ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরান ও ওমান হরমুজ প্রণালিতে নিজেদের অংশ এবং এ জলপথ থেকে অর্জিত রাজস্ব ভাগাভাগির বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তবে যুক্তরাষ্ট্র তাদের শর্ত না মানলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।

বুধবার (২৬ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে ইরান ও ওমান কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় আলোচনা চালিয়ে আসছে। প্রায় এক মাসের আলোচনার পর উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য ফল পাওয়া গেছে বলে জানান তিনি।

ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস- এলএনজির প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো। তবে যুদ্ধ শুরুর পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথে বেশির ভাগ নৌ চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে দাম বেড়ে যায়। একই সময়ে তেহরান ও ওয়াশিংটন পৃথক অবরোধ আরোপ করে এই কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মোহেব্বি বলেন, হরমুজ প্রণালি ইরান ও ওমানের। আমরা প্রায় এক মাস ধরে ওমানের সঙ্গে আলোচনা করেছি ও উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য ফলাফলে পৌঁছেছি।

তিনি আরও বলেন, আলোচনায় প্রণালির জলসীমায় প্রতিটি দেশের অংশ এবং সেখান থেকে প্রাপ্ত রাজস্বে ইরান ও ওমানের অংশীদারত্ব নিয়েও সমঝোতা হয়েছে।

তবে এই সমঝোতা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে শর্ত মেনে চলতে হবে বলে স্পষ্ট করে দিয়েছে আইআরজিসি। ইরানি বাহিনীটির অভিযোগ, ইরান ও ওমানের মধ্যকার আলোচনায় বাধা দেওয়ার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, যার কারণে চূড়ান্ত সমঝোতা বাস্তবায়ন বিলম্বিত হয়েছে।

মোহেব্বি বলেন, যুক্তরাষ্ট্র যদি বাধা দেওয়া বন্ধ করে এবং চুক্তিতে ফিরে আসে, তাহলে অর্জিত সমঝোতার কাঠামোর মধ্যে আমরা হরমুজ প্রণালি খুলে দিতে পারি। কিন্তু যুক্তরাষ্ট্র যদি আমাদের শর্ত না মানে, তাহলে কোনো অবস্থাতেই হরমুজ প্রণালি খোলা হবে না।

 

আবা/এসআর/২৬