মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে যা জানালো ভারত

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৭:৫৮ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে আলোচনার মধ্যে এ বিষয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, এ চুক্তি বা এতে অন্য দেশের অংশগ্রহণ সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয় হলেও ভারতের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে। তারা সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছেন।

শুক্রবার (২৮ আগস্ট) নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ওই চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও ওই চুক্তিকে ইতিবাচক বর্ণনা করে বলেন, এ চুক্তি যদি বিস্তৃত হয়—এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা। এটা মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে কারও—অন্যদের উদ্বেগের অবকাশ নেই।

মক্কা চুক্তি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ প্যাক্টকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনো আসেনি। কারণ, এটা নির্ভর করছে প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর। তারা যদি বাংলাদেশকে এ প্যাক্টে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে, তাহলে আমরা নিশ্চয়ই এটিকে ইতিবাচকভাবে বিবেচনা করব।

মক্কা চুক্তির বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের বিষয়ে ভারতের ভাবনা জানতে চান ওই সাংবাদিক। জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সোয়াল বলেন,আমরা সব ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছি। বিশেষ করে তা যদি ভারতের নিরাপত্তাসংক্রান্ত বিষয় হয়। নিরাপত্তা সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়ে থাকি।

উল্লেখ্য, চলতি আগস্টের শুরুর দিকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা শক্তিশালী করার লক্ষ্যে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়। আঞ্চলিক নিরাপত্তার নতুন এই সমীকরণ ও তাতে প্রতিবেশী দেশের অবস্থান নিয়ে কৌতূহলের প্রেক্ষাপটে ভারতের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এলো।

 

আবা/এসআর/২৬