ওআইসির নতুন মহাসচিব হলেন ইসমাইল উলদ শেখ আহমেদ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৮:২২ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসির নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ।

সৌদি গেজেটের এক খবরে বলা হয়, ওআইসির সদস্য ৫৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে বৃহস্পতিবার সংস্থার বিদায়ি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হয়ে ইসমাইল ওউলদ শেখ আহমেদ শপথ গ্রহণ করেন।

ওইদিন জেদ্দায় ওআইসির সদর দপ্তরে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ২৩তম বিশেষ অধিবেশনে সংস্থার নতুন মহাসচিব হিসেবে ইসমাইল উলদ শেখ আহমেদকে নির্বাচিত করা হয়।

সৌদি গেজেট বলছে, পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইসমাইল উলদ শেখ আহমেদ সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনারা আমাকে যেভাবে নির্বাচিত করেছেন, তা আমার কর্মজীবনের সবচেয়ে বড় সম্মান এবং আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সেবা দেওয়ার পর আমার অর্জিত সর্বোচ্চ স্বীকৃতি।”

নতুন মহাসচিব তার ওপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ওআইসি সদস্য দেশগুলোর প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ইসমাইল উলদ শেখ আহমেদ ফিলিস্তিন ইস্যুকে সংস্থার অগ্রাধিকারের শীর্ষে রাখার কথা বলেন। রাজনৈতিক, মানবিক ও সাংস্কৃতিক দিক থেকে এটিই ওআইসির আলোচনার প্রধান বিষয় হিসেবে বজায় থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

উল্লেখ্য, ৬৬ বছর বয়সী ইসমাইল উলদ শেখ আহমেদ ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইয়েমেনে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও ২০১৪ সালে লিবিয়ায় জাতিসংঘ মহাসচিবের উপ-বিশেষ প্রতিনিধি, আবাসিক সমন্বয়কারী এবং মানবিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

 

আবা/এসআর/২৬