নয়াদিল্লিতে ভবন ধসে ৩ জনের মৃত্যু
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১১ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় ছয়তলা একটি ভবন ধসে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধসে পড়া ভবনটি প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরোনো বলে জানিয়েছে পুলিশ। ভবনটি ৭৫ শয্যার পেইং গেস্ট (পিজি) আবাসন হিসেবে ব্যবহৃত হতো। সেখানে মূলত দিল্লির বাইরে থেকে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীরা থাকতেন।
দ্য হিন্দু জানায়, আজ রোববার দুপুর দেড়টার দিকে রাজধানীর সত্য নিকেতনের শিব মন্দিরের কাছে ‘হোস্টেল ডেজ’ নামে পেয়িং গেস্ট হিসেবে ব্যবহৃত ৪৫-৫০ বছরের পুরোনো ওই ভবনটি ধসে পড়ে।
ঘটনাস্থলে দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস, ন্যাশনাল ডিস্ট্রিক্ট রেসপন্স ফোর্স এবং দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌথ উদ্ধার অভিযান চালাচ্ছে। ধ্বংসস্তূপ সরাতে একাধিক খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পরপরই দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনী প্রচারণায় থাকা শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন এবং উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই বেশ কয়েকজনকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটিতে প্রায় ১৫টি কক্ষ ছিল এবং এর নিচতলায় সংস্কারকাজ চলছিল। কাজ চলার সময়ই হঠাৎ পুরো ভবনটি ধসে পড়ে।
পাশের ভবনের বাসিন্দারা জানান, ঘটনার সময় হঠাৎ ভূকম্পনের মতো অনুভূতি হয় এবং মুহূর্তের মধ্যেই ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাকবলিত ভবনের পাশের ভবনটি খালি করে ফেলা হয়েছে।
আবা/এসআর/২৬
