আরও দীর্ঘায়িত হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ আরও ছয় মাস দীর্ঘ হতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা। তার মতে, মধ্যপ্রাচ্যে এই সংঘাতের আরেকটি চিরস্থায়ী যুদ্ধের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এবং এ মুহূর্তে এটির অবসানের কোনো পথ দেখা যাচ্ছে না।

সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এখানে সন্দেহের কোনো অবকাশ নেই যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি ভয়াবহ অচলাবস্থার মধ্যে আটকে গেছে। যে পরিস্থিতিতে তাদের হাতে স্বল্প কিছু বিকল্প রয়েছে যুদ্ধ অবসানের।’

বারাক ওবামার প্রশাসন আমলে প্যানেটা সিআইএ পরিচালক পদেও দায়িত্ব পালন করেছেন। তিনি ইঙ্গিত দেন যে ইরান যুদ্ধের পরিণতি মধ্যপ্রাচ্যে ইরাক ও আফগানিস্তানের যুদ্ধের মতোই হতে চলেছে। তিনি বলেন, ‘আমার ধারণা, এই যুদ্ধ সমাধান না হয়ে আরও ছয় মাস চলার সম্ভাবনা রয়েছে।’ 

প্যানেটা বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা এমন একটি সময়ে যুদ্ধে যাচ্ছে যখন পেন্টাগনের কমান্ড কাঠামোতে গন্ডগোল চলছে। দেখে মনে হচ্ছে, কেউ যেন দায়িত্বে নেই। প্যানেটা জানান, বিষয়টির মধ্য দিয়ে শত্রুপক্ষের সামনে যুক্তরাষ্ট্রের দুর্বলতা প্রকাশ পাচ্ছে।

তিনি বলেন, ‘আমরা এখন অত্যন্ত বিপজ্জনক বিশ্বে বাস করি। আমাদের প্রাথমিক হুমকি আসে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং সন্ত্রাসবাদ থেকে। আর হ্যাঁ, আমি মনে করি ইরান থেকেও। তবে আমি যা নিয়ে চিন্তিত, তা হলো এটি আমাদের শত্রুপক্ষের কাছে দুর্বলতার একটি বার্তা দিচ্ছে।’

এদিকে, পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেছেন, সবকিছু বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রতিটি নিবেদিত পেশাদার ও নিবেদিত যোদ্ধার জন্য অপমানজনক।

দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দেশের ওপর নতুন হামলা হলে এর জবাব দ্রুত, তীব্র ও বেদনাদায়ক হবে। এমন একটি সময় তার এই বক্তব্য সামনে এলো যখন ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে অননুমোদিত পথ ব্যবহারের কারণে তিনটি যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট নৌযান ও তিনটি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র তিনটি ইরানি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে– এমন খবর প্রকাশ্যে আসার পর সামনে এসেছে ইরানের দাবিটি। যুক্তরাষ্ট্র দাবি করেছিল, মার্কিন যুদ্ধজাহাজে আক্রমণের পাল্টা জবাব দিতেই ওই হামলা চালানো হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইরানের দাবির বিষয়টি নিয়ে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কাছে মন্তব্য জানতে চেয়েছিল। সেখান থেকে কোনো উত্তর আসেনি। এই হামলা-পাল্টা হামলাগুলোর একদিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতকে ‘তেমন কোনো বিষয়ই না’ বলে খারিজ করে দিয়েছেন।

সব মিলিয়ে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষক ওলফগ্যাং পিসজটাইয়ের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট সামরিক সক্ষমতা রয়েছে ইরানের। এখন ওয়াশিংটনের ওপর নির্ভর করছে সংঘাত কোনদিকে মোড় নেবে সে বিষয়টি।

 

আবা/এসআর/২৬