আজ ভারতে শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ভারতে আজ (শনিবার) শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন। উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর এই জোটের কয়েকজন নেতা ইতোমধ্যে দিল্লিতে পৌঁছেছেন। সম্মেলনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।
সম্মেলনে যোগ দিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতেই নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও সরাসরি সম্মেলনে অংশ নিচ্ছেন।
মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবারের ব্রিকস সম্মেলনকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে।
বার্তা সংস্থা এএফপি লিখেছে, সম্প্রতি চীনের সঙ্গে ভারতের সম্পর্কের বরফ গলেছে। তবে অবিশ্বাস এখনো টিকে আছে। বিরোধপূর্ণ হিমালয় সীমান্ত, বাড়তে থাকা বাণিজ্য ঘাটতি ও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা দিল্লি-বেইজিংয়ের সম্পর্ককে জটিল করে তুলেছে।
পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকট, আঞ্চলিক নিরাপত্তা ও পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতিও এবারের শীর্ষ বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি হয়ে উঠতে পারে।
আবা/এসআর/২৬
