ইরাক থেকে ড্রোন হামলা: গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করে দিলো সৌদি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইরাক থেকে ছোড়া কয়েকটি ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ ও মদিনা অঞ্চলে অবস্থিত ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ইরাক থেকে আসা কয়েকটি ড্রোন হামলা চালায়। এতে পাইপলাইনের ক্ষয়ক্ষতির পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইয়েমেন সরকারের চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হুতি গোষ্ঠী বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপে পৌঁছেছে। এর ফলে বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর তাদের নিয়ন্ত্রণ আরও শক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
একই সময়ে সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধের তথ্য নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। হরমুজ প্রণালিতে তেল বাণিজ্যের জট কমাতে এই পাইপলাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুদ্ধ প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টা থমকে থাকার সময় পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় উপসাগরীয় তেল সরবরাহের ওপর আরও চাপ তৈরি হয়েছে।
দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএকে বলেন, হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে। হামলায় অবকাঠামোটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়েছে।
সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের উপকূলীয় এলাকায় তেল পরিবহনে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে পাইপলাইনটি বন্ধ করে দেওয়ার ঘটনা দেশটির তেল পরিবহন ব্যবস্থার ওপরও প্রভাব ফেলতে পারে।
আবা/এসআর/২৬
