হরমুজে ইরানি জাহাজে মার্কিন হামলায় নিহত ১

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৮ | অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালির কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। এতে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। 

কেশমের গভর্নর হোসেইন আমির তেমোরি এ তথ্য জানিয়েছেন। ইরানি বার্তাসংস্থা আইআরআইবি জানিয়েছে, রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জাহাজটিতে হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

গভর্নর হোসেইন আমির তেমোরি বলেছেন, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। তিনি সন্ত্রাসী বলতে মার্কিন সেনাদের বুঝিয়েছেন।

তেল ও অন্যান্য জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ নিয়ে গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বন্দ্ব চলছে। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এরপরই ইরান হরমুজ বন্ধ করে দেয়। তারা সেখান দিয়ে উপসাগরীয় আরব দেশ ও যুক্তরাষ্ট্রের মিত্রদের জাহাজ চলতে দিচ্ছে না।

অপরদিকে যুক্তরাষ্ট্র হরমুজে ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করেছে। মার্কিন নৌবাহিনী হরমুজ দিয়ে ইরান থেকে কোনো জাহাজ প্রবেশ ও বের হতে দিচ্ছে না।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম জানিয়েছে, অবরোধ শুরুর পর তারা ইরান সংশ্লিষ্ট একশরও বেশি জাহাজকে ঘুরিয়ে দিয়েছে। অর্থাৎ ইরানি বন্দরে জাহাজগুলোকে ভিড়তে ও সেখান থেকে বের হতে দেয়নি তারা।

ইরানের প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ান আজ মার্কিনিদের নৌ-অবরোধ নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, মার্কিনিরা ইরানিদের ওষুধ ও সাধারণ নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত করছে। 

পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের ওপর যত চাপই প্রয়োগ করুক না কেন, তারা নতি স্বীকার অথবা আত্মসমর্পণ করবেন না।