হরমুজ প্রণালী নিয়ে বৈঠক স্থগিত

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ | অনলাইন সংস্করণ

পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের অনুরোধে এবং ওমান ও ইরানের যৌথ সিদ্ধান্তে হরমুজ প্রণালী নিয়ে অনুষ্ঠেয় আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করা হয়েছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, সোমবার হরমুজ প্রণালীর কাছের সালালাহ শহরে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কোনো কার্যকর চুক্তিতে পৌঁছানোর অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বৈঠকটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বদর আল-বুসাইদি বলেন, 'এই অঞ্চলে স্থিতিশীলতা ও টেকসই সহযোগিতায় সহায়ক সংলাপ জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগরীয় অঞ্চলবিষয়ক বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আলী বেক জানান, আঞ্চলিক কয়েকটি দেশের অনুরোধে এবং ওমান ও ইরানের পারস্পরিক সিদ্ধান্তে সোমবারের নির্ধারিত বৈঠকটি অন্য একটি সময়ে আয়োজনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বৈঠক আয়োজনের উপযুক্ত সময় নির্ধারণে ইরান ওমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ওমানে অনুষ্ঠেয় এই বৈঠকে হরমুজ প্রণালী এবং কৌশলগত এই জলপথে নৌ-চলাচলসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।