হুথি হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৫ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব ‘দৃঢ়ভাবে’ দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।

মঙ্গলবার ভোরে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, সাম্প্রতিক এসব হামলায় সৌদি আরবের তিনটি শহরে (খামিস মুশাইত, আবহা ও তাইফ) ১৩ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর না হলেও এসব হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় জোটের যৌথ বাহিনী এসব হামলার জবাব দায়িত্বশীল ও কঠোরভাবে দেবে।

এদিকে ইয়েমেনে চলমান সংঘাতের কারণে মানবিক পরিস্থিতিও আরও খারাপ হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, চলতি মাসের শুরু থেকে ইয়েমেনে সংঘাতের কারণে অন্তত ১৮ হাজার পরিবার বা প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসংঘ বলছে, সংঘাতের কারণে মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং আগে থেকেই চাপের মধ্যে থাকা মানবিক সহায়তা কার্যক্রমের ওপর আরও চাপ তৈরি হচ্ছে।

অন্যদিকে, সোমবার রাতে হুথিরা দাবি করেছে গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের লাহিজ, তাইজ, আল-জাওফ, মারিব ও হাজ্জাহ প্রদেশে সৌদি আরব ৫৪টি বিমান হামলা চালিয়েছে।

হুথিদের দাবি, তাইজ প্রদেশের খাদির জেলার সরকারি কমপ্লেক্সেও সৌদি বিমান হামলা হয়েছে এবং এতে কয়েকজন আহত হয়েছেন।

হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি ঘাঁটি থেকে পরিচালিত এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান এসব হামলায় অংশ নেয়। এর জবাবে প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছে গোষ্ঠীটি।

সূত্র: আল-জাজিরা

 

আবা/এসআর/২৬