সুদানে স্বর্ণের খনি ধসে নিহত অন্তত ৮২

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আল-নুহুদ শহরের কাছে আল-জারা খনিতে একাধিক সংযুক্ত খনির সুড়ঙ্গ ধসে এ দুর্ঘটনা ঘটে। এএফপির বরাত দিয়ে  এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

কর্দোফান অবজারভেটরি জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ক্ষুদ্র পরিসরে খনিতে কাজ করা শ্রমিক। ধসের পর বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। বিশেষায়িত কোনও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। স্থানীয় বাসিন্দারা সাধারণ সরঞ্জাম দিয়ে বালুময় মাটি সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন।

এলাকাটি নিয়ন্ত্রণকারী আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) এক সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৮২ জন নিহত ও আরও ৫০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা রয়েছেন, তা এখনও জানা যায়নি।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া খনি শ্রমিক খায়ের আল-সাইয়েদ জাবারা বলেন, সহকর্মীদের সঙ্গে তিনি রাতভর নিজেদের সরঞ্জাম ব্যবহার করে জীবিতদের উদ্ধারের চেষ্টা করেছেন। তবে ভারী যন্ত্রপাতি প্রয়োজন বলে জানান তিনি।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তাব্যবস্থা ও উদ্ধার সরঞ্জামের অভাবেই মৃতের সংখ্যা এত বেশি হয়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, উদ্ধারকাজ চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। খনিটিতে শ্রমিকদের জন্য প্রয়োজনীয় মৌলিক নিরাপত্তাব্যবস্থাও ছিল না বলে জানিয়েছে সংগঠনটি।

আফ্রিকার শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর একটি সুদান। দেশটির স্বর্ণের বড় অংশই পুরোনো বা অননুমোদিত খনিতে ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে উত্তোলন করা হয়।

 

আবা/এসআর/২৬