দুবাইয়ের প্রধানমন্ত্রীর ভাইয়ের মৃত্যুতে ১০ দিনের রাষ্ট্রীয় শোক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ | অনলাইন সংস্করণ

দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম মারা গেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে।
দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে শুরু হওয়া শোকের পুরো সময়জুড়ে আমিরাতজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
ভাইয়ের মৃত্যুতে শোক জানিয়ে শেখ মোহাম্মদ বিন রশিদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাঁর জন্য আল্লাহর রহমত কামনা করেন। তিনি আহমেদকে স্মরণ করে বলেন, দৃষ্টির আড়ালে চলে গেলেও তিনি দোয়া ও হৃদয় থেকে কখনো দূরে যাবেন না।
শেখ মোহাম্মদ বর্তমানে দুবাইয়ের শাসক হিসেবে আমিরাতের নির্বাহী কাঠামোর শীর্ষে রয়েছেন। দুবাইয়ের সরকারি তথ্য অনুযায়ী, তাঁর ছেলে শেখ মাকতুম বিন মোহাম্মদ ২০২৩ সালে দুবাইয়ের প্রথম উপশাসক এবং শেখ আহমেদ বিন মোহাম্মদ দ্বিতীয় উপশাসক হিসেবে নিযুক্ত হন।
শেখ আহমেদের মৃত্যুতে তাই শুধু একটি পরিবারের সদস্যের বিদায় নয়, দুবাইয়ের প্রভাবশালী আল মাকতুম পরিবারের একটি গুরুত্বপূর্ণ সদস্যের মৃত্যুর ঘটনাও সামনে এলো।
শেখ আহমেদের জানাজার নামাজ মঙ্গলবার দুপুর ১টায় দুবাইয়ের জাবিল গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকেল ৪টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত এবং বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জোহরের নামাজ পর্যন্ত ও আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত জাবিল মাজলিসে শোকবার্তা গ্রহণ করা হবে।
দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ আমিরাতের উন্নয়নে শেখ আহমেদের অবদানের কথা স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
শেখ মোহাম্মদ ‘এক্স’ -এ লিখেছেন, “আমি মোহাম্মদ বিন রাশিদের প্রতি তার ভাই শেখ আহমেদ বিন রাশিদ আল মাকতুমের প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আমিরাত প্রতিষ্ঠার পর থেকে এর উন্নয়নে তার দীর্ঘদিনের অবদান আমাদের জাতির অগ্রযাত্রাকে আজও অনুপ্রাণিত করে চলেছে।”
“আল্লাহ যেন তার আত্মাকে অনন্ত শান্তি ও রহমত দান করেন এবং এই কঠিন সময়ে তার স্বজনদের সান্ত্বনা ও ধৈর্য প্রদান করেন।”
