শিশুদের নিরাপত্তা নিয়ে মামলা
১১ কোটি ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দেবে টিকটক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১০ | অনলাইন সংস্করণ

কিশোরদের নিরাপত্তা নিয়ে দায়ের করা একটি মামলার বিচার এড়াতে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যকে ১১ কোটি ৬০ লাখ ডলার দিতে সম্মত হয়েছে টিকটক।
পাশাপাশি কিশোর ব্যবহারকারীদের জন্য অ্যাপ ব্যবহারে কিছু নতুন সীমাবদ্ধতাও চালু করবে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) টিকটক ও আলাবামা কর্তৃপক্ষের মধ্যে এ সমঝোতা হয়। এর ফলে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া মামলাটির বিচার আর হচ্ছে না।
আলাবামার অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শালের দপ্তর জানিয়েছে, সমঝোতা অনুযায়ী আগামী ৪৫ দিনের মধ্যে অঙ্গরাজ্যকে কমপক্ষে ১১ কোটি ৬০ লাখ ডলার দেবে টিকটক। তবে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে এই অর্থের পরিমাণ বেড়ে ৩০ কোটি ডলার পর্যন্ত হতে পারে।
মামলাটির বিচার আগামী সোমবার শুরু হওয়ার কথা ছিল। এদিন জুরি বা বিচারকমণ্ডলী নির্বাচনের প্রক্রিয়াও শুরু হওয়ার কথা ছিল।
মার্শালের দপ্তর জানিয়েছে, টিকটক কিশোর ব্যবহারকারীদের জন্য প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা অ্যাপ ব্যবহারের সময়সীমা চালু করতে সম্মত হয়েছে।
মোবাইল ফোনে আসক্তি সৃষ্টিকারী ডিজাইনের মাধ্যমে কিশোর ব্যবহারকারীদের ক্ষতি করার অভিযোগে দায়ের করা ওই মামলা নিষ্পত্তিতে শুক্রবার টিকটক ও আলাবামার অ্যাটর্নি জেনারেল এই সমঝোতায় পৌঁছেছেন।
আদালতের বিচারকের জারি করা আদেশ অনুযায়ী, টিকটক ক্ষতিপূরণ হিসেবে ১১ কোটি ৬০ লাখ ডলার প্রদান করবে। এছাড়া, অন্যান্য অঙ্গরাজ্য অনুরূপ কোনো চুক্তিতে যোগ দেয় কি-না, তার ওপর ভিত্তি করে ১৮ কোটি ৩০ লাখ ডলারের একটি আলাদা তহবিলও গঠন করবে।
এই সমঝোতা চুক্তির শর্তানুযায়ী, টিকটককে মধ্যরাত থেকে ভোর ৬টা পর্যন্ত কিশোর-কিশোরীদের প্রবেশাধিকার বন্ধ রাখতে হবে, ডিফল্ট বা প্রাক-নির্ধারিত ব্যবস্থা হিসেবে দৈনিক ব্যবহারের সময়সীমা দুই ঘণ্টায় সীমাবদ্ধ করতে হবে এবং অভিভাবকদের জন্য তাদের সন্তানদের অ্যাকাউন্ট পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করার টুল বা ব্যবস্থা প্রদান করতে হবে। তবে টিকটক কোনো ধরনের অনিয়ম বা ভুল করার কথা স্বীকার করেনি।
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্য ২০২৫ সালের এপ্রিলে কোম্পানিটির বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল। মামলায় অভিযোগ করা হয়েছিল যে, বিজ্ঞাপনের উদ্দেশ্যে শিশুদের অ্যাপে আটকে রাখার পাশাপাশি এর অ্যালগরিদম তাদের মাদক এবং খাদ্যাভ্যাসজনিত ব্যাধি (ইটিং ডিজঅর্ডার) সংক্রান্ত ক্ষতিকর বিষয়বস্তুর সংস্পর্শে নিয়ে আসে।
টিকটক আইনি সুরক্ষা (ইমিউনিটি) এবং গোপনীয়তা বিষয়ক আইনের যুক্তি দেখিয়ে মামলাটি খারিজ করার আবেদন জানিয়েছিল।
অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শাল এই সমঝোতাকে পরিবারগুলোর জন্য একটি "দারুণ দিন" হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেন যে, এখন থেকে টিকটককে অবশ্যই অভিভাবকদের হাতে তাদের সন্তানদের অ্যাপ ব্যবহারের ওপর প্রকৃত তদারকির সুযোগ দিতে হবে।
অন্যদিকে, টিকটক এক বিবৃতিতে জানিয়েছে যে, এই সমঝোতা "কিশোর-কিশোরীদের সুরক্ষায় আমাদের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাগুলোকে ক্রমাগত উন্নত করার প্রতিশ্রুতি ও মূল লক্ষ্যের ওপর ভিত্তি করেই অর্জিত হয়েছে।"
