গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪,২২৯
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৯:২২ | অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন মোট ১ লাখ ৭৫ হাজার ১৮৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজায় আরও সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন আহত অবস্থায় চিকিৎসাধীন থেকে মারা যান। এ সময়ে ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ২০ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৫২ জন আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার গাজায় একটি গণ-জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রায় তিন বছর আগে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৫টি মরদেহ উদ্ধারের পর তাদের জানাজা আয়োজন করা হয়।
ধ্বংসস্তূপ থেকে দীর্ঘ সময় পর মরদেহ উদ্ধারের ঘটনায় ওই এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। উদ্ধার করা মরদেহগুলোর জানাজায় স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। আল জাজিরা
