মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানালো বাংলাদেশ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৩ | অনলাইন সংস্করণ

পবিত্র নগরী মদিনায় সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বাংলাদেশ জানিয়েছে, মসজিদে নববীর সেবায় নিয়োজিত গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের পবিত্রতম স্থানগুলোর পবিত্রতার ওপর এমন হামলা মেনে নেয়া যায় না।

মদিনায় সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে এই হামলার জন্য সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের দায়ী করেছে। জোটের দাবি, হামলায় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রটির একটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়ে। তবে এর ফলে সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় তেমন কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছে তারা।

হামলার অভিযোগ অবশ্য সরাসরি অস্বীকার করেছে হুথি গোষ্ঠী। তাদের পক্ষ থেকে এ ধরনের কোনো হামলা চালানোর কথা অস্বীকার করা হয়েছে।

এদিকে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে। মসজিদে নববীর মতো ইসলামের অন্যতম পবিত্র স্থানের সেবায় নিয়োজিত বেসামরিক অবকাঠামোতে হামলার ঘটনাকে বাংলাদেশ কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করে না।