হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিলো ইয়েমেন সরকার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১১ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দখলে থাকা সব ভূখণ্ড পুনরুদ্ধার এবং রাজ্যজুড়ে সরকারি কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠায় সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
রোববার (৪ অক্টোবর) ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি এক টেলিভিশন ভাষণে এই অভিযানের ঘোষণা দেন।
ভাষণে আল-আলিমি বলেন, আজ আমি প্রজাতন্ত্রের অবশিষ্ট ভূখণ্ড পুনরুদ্ধার এবং পুরো জাতীয় ভূখণ্ডজুড়ে রাষ্ট্র ও তার প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব বিস্তারে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিচ্ছি।
উপকূলীয় অঞ্চল এবং কৌশলগত বাব আল-মানদেব প্রণালি বিদ্রোহী হুথিদের দখলে চলে যাওয়ার পর এবং সাম্প্রতিক সময়ে হুথি ও সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে ইয়েমেন সরকারের পক্ষ থেকে এই কঠোর বার্তা এলো। ইয়েমেন সরকারের মূল সমর্থক সৌদি আরবের সবুজ সংকেত ছাড়া আল-আলিমি এই সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেননি বলেই ধারণা করা হচ্ছে।
এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইয়েমেন সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের সঙ্গে দেশটির গুরুত্বপূর্ণ শহর তাইজের সংযোগ রক্ষাকারী প্রধান সরবরাহ রুটটি হুথিরা বিচ্ছিন্ন করে দিয়েছে। সামরিক সূত্রের বরাতে তারা জানায়, হুথিরা এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে তাইজকে অবরুদ্ধ করে ফেলেছে। গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের ফেলো ফারেয়া আল-মুসলিম বলেন, তারা তাইজ পুরোপুরি দখলে না পেলেও এডেন থেকে তাইজকে বিচ্ছিন্ন করার সামরিক লক্ষ্য অর্জনে সফল হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক চরম উত্তেজনার মধ্যে গত জুলাইয়ে ইয়েমেন যুদ্ধ আবারও নতুন করে তীব্র আকার ধারণ করে।
সূত্র: বিবিসি
আবা/এসআর/২৬
