বাব আল-মান্দেব পুনর্দখলে অভিযান শুরু ইয়েমেনি বাহিনীর
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৯ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

বেশ কিছুদিন ধরে ইয়েমেনের গুরুত্বপূর্ণ নৌচলাচলের পথ বাব আল-মান্দেব প্রণালি হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। শুক্রবার (৯ অক্টোবর) ওই প্রণালি পুনর্দখলে অভিযান শুরু করেছে দেশটির সরকারি বাহিনী। খবর: এএফপির।
সেখানে লড়াই চলছে বলে ইয়েমেনের এক সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
সূত্র জানিয়েছেন, সৌদি বিমানবাহিনীর সহায়তায় ওই প্রণালিতে ‘বড় ধরনের অভিযান’ শুরু করেছে সরকারি বাহিনী। লড়াই তীব্র হচ্ছে এবং অগ্রগতি এখনো সীমিত, যোগ করেন তিনি।
তবে প্রণালির দক্ষিণে সরকারি বাহিনীর একটি হামলা প্রতিহত করার দাবি করেছে হুতি বিদ্রোহীরা।
এরপরই ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, হুতি মিলিশিয়ার হাত থেকে বাব আল-মান্দেব মুক্ত করা হয়েছে। তবে তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি।
এর আগে সোমবার বাব আল-মান্দেব প্রণালির উপকূলবর্তী একটি এলাকা হুতি বিদ্রোহীদের কাছ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে সরকারি বাহিনী।
আবা/এসআর/২৬
