ইয়েমেনে হুথিদের হামলায় নিহত বেড়ে ৭৩

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ২৩:১২ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও ১৪ জন নিখোঁজ রয়েছেন। হামলায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। খবর: আল জাজিরার।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশিক্ষণ চলাকালে নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। রয়টার্সের যাচাই করা ভিডিওতে আহত ব্যক্তিদের এবং রক্তাক্ত মরদেহ মাটিতে ছড়িয়ে থাকতে দেখা গেছে।

চলতি মাসে হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনর্দখলে অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। বাব আল-মান্দেব প্রণালির কাছে তারা কিছু এলাকা পুনরুদ্ধার করেছে। অন্যদিকে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় হুথিবিরোধী বাহিনীর সর্বশেষ বড় নগর ঘাঁটি তাইজ অবরোধ করে রেখেছে হুথিরা।

ইরানকে কেন্দ্র করে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের বিস্তৃত সংঘাতের আরেকটি রণক্ষেত্রে পরিণত হয়েছে ইয়েমেনের এই সংঘাত। এর মধ্যে সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আরামকোর স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা।

 

আবা/এসআর/২৬