মিসরে বাস-ট্রাক সংঘর্ষে ১৩ পর্যটক নিহত

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৪ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে একটি বড় ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। নিহত এবং আহতরা সবাই বিভিন্ন দেশের পর্যটক।

মঙ্গলবার (২০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরাম।

প্রতিবেদনে বলা হয়েছে, “কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে বাস ও ট্রাকের মধ্যে ঘটা এই মর্মান্তিক সংঘর্ষে ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।”

এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, কর্তৃপক্ষ মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ করছে। একটি ক্রেনের সাহায্যে বড় বাসটিকে সরিয়ে নেওয়া হয়েছে; সংঘর্ষের পর বাসটির সামনের পুরো অংশটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং সেখানে দুমড়েমুচড়ে যাওয়া ইস্পাত ও ধ্বংসাবশেষ পড়ে ছিল।

তিনি আরও জানান, রাস্তার পাশে যাত্রীদের আসনগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল এবং ট্রাকটির পেছনের অংশে বাসের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছিল।

আল-আহরামের প্রতিবেদন অনুসারে, আহতদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তও শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র : আরব নিউজ

 

আবা/এসআর/২৬