নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার অঙ্গীকার আরব নেতাদের
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৮:২৭ | অনলাইন সংস্করণ

ইসরায়েলে আগামী ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন দেশটির আরব রাজনৈতিক দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’ নেতারা।
মঙ্গলবার (২০ অক্টোবর) উত্তর ইসরায়েলের হাইফা শহরে এক সংবাদ সম্মেলনে আরব দলগুলোর নেতারা এ অবস্থান তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন, যিনি ডেমোক্রেটিক ফ্রন্ট ফর পিস অ্যান্ড ইকুয়ালিটি (হাদাশ)-এর প্রধান; জোটের সংসদীয় ব্লকের চেয়ারম্যান ও আরব মুভমেন্ট ফর চেঞ্জ (তা'আল)-এর নেতা আহমদ তিবি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যাসেম্বলি (বালাদ) দলের নেতা সামি আবু শেহাদেহ। হাদাশ, তাল ও বালাদ—এই তিনটি দল নিয়ে জয়েন্ট লিস্ট গঠিত।
জাবারিন বলেন, তাদের জোট জনসমর্থন বাড়াতে শুরু করেছে এবং ২৭ অক্টোবরের নির্বাচনে অন্তত ১০টি আসন পাওয়ার আশা করছে। আরব জনগোষ্ঠীর ভোটদানের হার বাড়ানো গেলে নেতানিয়াহু সরকারের পতন ঘটানো সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমাদের আরব সম্প্রদায়ের অংশগ্রহণ বৃদ্ধি নেতানিয়াহু সরকারের অপসারণ নিশ্চিত করবে।’
এছাড়াও ইসরায়েলে আরব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ ও সহিংসতা মোকাবিলা, বাড়িঘর ভাঙার নীতির বিরুদ্ধে অবস্থান এবং সামাজিক-অর্থনৈতিক অধিকার রক্ষা তাদের জোটের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বলেও জানান জাবারিন।
তা'আল-এর নেতা আহমাদ তিবি বলেন, নেতানিয়াহু এবং তার সরকারের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নেতৃত্বাধীন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় ফিরে আসা থেকে ঠেকানোই এখন তাদের প্রধান লক্ষ্য।
বিকল্প সরকার আরব জনগোষ্ঠীর আদর্শ সরকার না হলেও বর্তমান পরিস্থিতিতে পরিবর্তনের জন্য রাজনৈতিক সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, ইসরায়েলের আরব নাগরিকেরা দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ। তাদের অনেকের অভিযোগ, অপরাধ দমন, আবাসন, সরকারি পরিষেবা এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এসব ইস্যু এবার নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে।
আরব দলগুলোর নেতারা একই সঙ্গে গাজাসহ বিভিন্ন অঞ্চলে যুদ্ধ বন্ধ, ফিলিস্তিনিদের সঙ্গে রাজনৈতিক সমাধানের পথ তৈরি এবং আরব নাগরিকদের প্রতি বৈষম্য অবসানের দাবি জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। সাম্প্রতিক জনমত জরিপে নেতানিয়াহুর জোট এবং বিরোধী দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে আরব দলগুলোর আসনসংখ্যা এবং তাদের সমর্থন পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তবে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের প্রশ্নে ইসরায়েলের প্রধান বিরোধী নেতাদের মধ্যেও মতপার্থক্য রয়েছে। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী শিবির আরব দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক জোট গঠনের বিষয়ে আপত্তি জানিয়েছে।
অন্যদিকে আরব নেতারা মনে করছেন, নির্বাচনের পর রাজনৈতিক সমীকরণে পরিবর্তন এলে সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে।
