অনলাইন সংস্করণ
২০:৪৯, ২১ অক্টোবর, ২০২৬
ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে জনপ্রিয় নেভিগেশন অ্যাপ ‘ওয়েজ’ ব্যবহারে সরকারি কর্মচারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া।
মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার নিরাপত্তা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সরকারের প্রধান সচিব শামসুল আজরি আবু বকর সরকারি দফতরগুলোর প্রধানদের কাছে নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশনা পাঠান। নির্দেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
আনোয়ার ইব্রাহিমের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়েজের ব্যবহারকারীদের তথ্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইসরায়েলে নিবন্ধিত এবং দেশটির আইনের আওতায় পরিচালিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের আশঙ্কা, অ্যাপটির মাধ্যমে সংগ্রহ করা সংবেদনশীল সরকারি তথ্য ও নাগরিকদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার হতে পারে।
আনোয়ার ইব্রাহিম সাধারণ নাগরিকদেরও ওয়েজ ব্যবহার বন্ধ করে বিকল্প অ্যাপ ব্যবহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মালয়েশিয়ার মহাসড়ক কর্তৃপক্ষের তৈরি স্থানীয় নেভিগেশন অ্যাপ ‘টুজু’ ব্যবহারের পরামর্শ দেন তিনি। অ্যাপটিতে রাস্তার দিকনির্দেশনা, যানজটের হালনাগাদ তথ্য, টোলের হিসাব এবং বিশ্রামাগারের অবস্থান জানার সুবিধা রয়েছে।
ওয়েজ ইসরায়েলে প্রতিষ্ঠিত একটি নেভিগেশন অ্যাপ, যা ২০১৩ সালে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল অধিগ্রহণ করে। অ্যাপটি স্যাটেলাইট সংকেত ও ব্যবহারকারীদের সরবরাহ করা তথ্য কাজে লাগিয়ে রাস্তায় যানজট, বিকল্প পথ এবং যাত্রার সম্ভাব্য সময় জানায়।
মালয়েশিয়া সরকারের উদ্বেগ মূলত অ্যাপটির তথ্য ব্যবস্থাপনা এবং ইসরায়েলি আইনের আওতায় এর কার্যক্রম পরিচালিত হওয়ার বিষয়কে কেন্দ্র করে।
প্রসঙ্গত, ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থন জানিয়ে আসা মালয়েশিয়ার ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। নতুন সিদ্ধান্তের ফলে দেশটির ইসরায়েল-সম্পর্কিত উদ্বেগ কেবল কূটনীতি ও বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে ডিজিটাল তথ্যের নিরাপত্তার ক্ষেত্রেও বিস্তৃত হলো।