সৌদি আরবে পৃথক হামলায় একদিনে নিহত ৪

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১৬:৫২ | অনলাইন সংস্করণ

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের একজন সৌদি নাগরিক, অন্যজন ভারতীয় প্রবাসী। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বুধবার বিমানবন্দরটিতে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে একই দিনে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির আরামকোর শাইবাহ তেলক্ষেত্রের একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা একটি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। এ ঘটনায় দুইজন নিহত হন। ফলে এক দিনে দেশটিতে অন্তত চারজন নিহত হয়েছেন।

ইয়েমেনের হুথি বাহিনী ও সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে সৌদি আরবের বিভিন্ন অবকাঠামোয় হামলার ঘটনা বাড়ছে।

গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষ জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো ধরনের আঘাতে একজন নিহত এবং ১১ জন আহত হন। এর আগের দিন, ১০ অক্টোবর, একই বিমানবন্দরে পৃথক আরেকটি হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার কথা জানায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এদিকে হুথিদের ধারাবাহিক হামলার মধ্যে বুধবার সৌদি আরবে থাকা নিজেদের কূটনৈতিক মিশনগুলো থেকে কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে অবস্থিত মার্কিন মিশন থেকেও কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বুধবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসও সৌদি আরবে হুথিদের আরও হামলার আশঙ্কা জানিয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে।