বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১৯:৫৬ | অনলাইন সংস্করণ

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর বিশ্বের অন্যতম বৃহৎ তেল রফতানিকারক দেশটির জ্বালানি উৎপাদন ও সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫৫ ডলার বা ৩ দশমিক ১৪ শতাংশ বেড়ে ১১৬ দশমিক ৭২ ডলারে দাঁড়ায়। ২৯ এপ্রিলের পর এটিই ব্রেন্টের সর্বোচ্চ মূল্য।
একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৮০ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ২৭ ডলারে পৌঁছায়।
এ নিয়ে সপ্তাহের হিসাবে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।
বাজার বিশ্লেষকদের মতে, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো ও সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
এই পরিস্থিতিতে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো বৃহস্পতিবার ধাহরানে তাদের সদর দফতর খালি করার নির্দেশ দেয়। পারস্য উপসাগরের তীরবর্তী এই শহরে কোম্পানিটির গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়।
এদিকে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুয়াইন উপকূলে একটি ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ার ঘটনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয়।
প্রসঙ্গত, জ্বালানি পরিবহনের ক্ষেত্রে হরমুজ প্রণালি ও লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেবের নিরাপত্তা বিশেষ গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের জেরে হরমুজ প্রায় বন্ধ করে রেখেছে ইরান। অন্যদিকে হুথিদের সঙ্গে সৌদি-সমর্থিত বাহিনীর সংঘর্ষ তীব্র হওয়ায় বাব আল-মান্দেব অঞ্চলেও জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, অক্টোবর মাসে হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা ও নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা বেড়েছে। এর ফলে বাজারে শুধু বর্তমান সরবরাহ নয়, ভবিষ্যতে সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকিও তেলের দামের ওপর প্রভাব ফেলছে।
