ইরান নিশ্চয়তা দিলে শীঘ্রই যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৫ | অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে লাগাতার যুদ্ধে কবে ইতি ঘটবে? আদৌ ইরান ও আমেরিকা যুদ্ধ বন্ধের ব্যাপারে কোনও সমঝোতায় পৌঁছোতে পারবে তো? এমন নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। 

সেই আবহে আবার যুদ্ধ বন্ধের কথা শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে। তবে কীভাবে এই যুদ্ধ বন্ধ হবে সেবিষয়ে বিশদে কিছু বলতে চাননি ট্রাম্প।

কানসাস সিটির রেডিও স্টেশন কেসিএমও-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কণ্ঠে শোনা যায় ইরান যুদ্ধের প্রসঙ্গ। 

তিনি বলেন, ‘‘খুব শীঘ্রই যুদ্ধ বন্ধ হবে।’’ তার পরই মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, ‘‘পারমাণবিক অস্ত্র কখনওই তৈরি হবে না, আমাদের তেমন একটা নিশ্চয়তার প্রয়োজন রয়েছে।’’ 

একই সঙ্গে পুনর্ব্যক্ত করেন, আমেরিকায় আসন্ন নির্বাচনের আগে মার্কিন বাহিনী আর ইরানের উপর হামলা চালাবে না।

আগামী ৩ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন। সেই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে, মার্কিন কংগ্রেসে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির আধিপত্য থাকবে কি না। 

ইরান আক্রমণের পর পশ্চিম এশিয়ায় যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে আমেরিকার অভ্যন্তরে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে। 

ট্রাম্পের যুদ্ধনীতিতে তাই অনেকেই অখুশি। জনমত বোঝার জন্য মধ্যবর্তী নির্বাচনকে পাখির চোখ হিসেবে দেখছেন ট্রাম্প। অনেকের মতে, এই নির্বাচনের ফলের উপরই নির্ভর করছে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধনীতিতে কোনও বদল হবে কি না!

তবে এর মধ্যেই তেহরানের সঙ্গে আবার শান্তি আলোচনায় বসার ইচ্ছা প্রকাশও করেছে ওয়াশিংটন। নতুন করে শান্তি আলোচনা শুরু করতে চেয়ে ইতিমধ্যেই ইরানকে চিঠি দিয়েছে আমেরিকা। 

ট্রাম্পের নির্দেশে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইকে ওই চিঠি পাঠিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। 

ভান্স তার চিঠিতে শান্তি আলোচনার বিষয়ে নির্দিষ্ট কোনও পূর্বশর্ত দেননি। বরং শান্তিপ্রক্রিয়ার সম্ভাব্য কাঠামোর উপর জোর দেওয়া হয়েছে।