ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা, নাবিক নিহত 

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৬:১১ | অনলাইন সংস্করণ

ওমানের উপকূলে ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত আকাশযান থেকে হামলার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাজে থাকা বাকি ১৩ জন নাবিককে উদ্ধার করেছে ওমানের কোস্টগার্ড।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গতকাল সোমবার (২ নভেম্বর) ওমানের লিমাহ উপকূলের কাছ দিয়ে চলাচলের সময় ভারতীয় পতাকাবাহী ‘এমএসভি আল জুসুফি’ নামের বাণিজ্যিক জাহাজটিতে আঘাত হানে একটি অজ্ঞাত আকাশযান। হামলার সময় জাহাজটিতে ১৪ জন ভারতীয় নাবিক অবস্থান করছিলেন।

ভারতের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, হামলার পর ১৩ জন নাবিক নিরাপদে জাহাজ থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে ওমানের কোস্টগার্ড তাদের উদ্ধার করে। তবে গুরুতর আহত এক নাবিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

নিহত নাবিকের নাম গন্ধর নাহিম আজিজ। তিনি ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা।

এ ঘটনায় নিহত নাবিকের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে সোনোয়াল আরও বলেন, উদ্ধার হওয়া ১৩ জন নাবিকের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথবিষয়ক মন্ত্রণালয় এবং ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। একই সঙ্গে জীবিত নাবিকদের এবং নিহত ব্যক্তির মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে জানান তিনি।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ হামলার নিন্দা জানিয়েছে। 

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওমানের কাছে ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বন্ধ করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পশ্চিম এশিয়ায় বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ অঞ্চলে উত্তেজনা দ্রুত কমিয়ে চলমান আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানে পৌঁছানো প্রয়োজন। 

তবে এমএসভি আল জুসুফি জাহাজে ঠিক কী ধরনের আকাশযান দিয়ে হামলা চালানো হয়েছে, কারা এ হামলার সঙ্গে জড়িত কিংবা কোন পক্ষ হামলার নির্দেশ দিয়েছে—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

উল্লেখ্য, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলমান সংঘাতের কারণে পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। 

এর আগেও ওমান উপকূল ও হরমুজ প্রণালির আশপাশে বিভিন্ন বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। গত সেপ্টেম্বর মাসে ওমান উপকূলে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী এমভি কেপ দাও নামের একটি বাল্ক ক্যারিয়ারে ক্ষেপণাস্ত্র হামলায় আহত হওয়ার পর এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়। ওই জাহাজে থাকা ২০ জন ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছিল।

এ ছাড়া চলতি বছরের জুন মাসে ওমানের কাছাকাছি পালাউয়ের পতাকাবাহী তেলবাহী জাহাজ এমটি সেটেবেলোতে হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হন। এসব ঘটনার পর ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ভারত সরকার জানিয়েছে, সংঘাতপূর্ণ অঞ্চলে অবস্থানরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে।