রাশিয়া-ইউক্রেন যুদ্ধের স্থায়ী অবসান চায় যুক্তরাষ্ট্র
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) শুরু হওয়া দুই দিনের এই বৈঠক গত ফেব্রুয়ারির পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা।
দ্য গার্ডিয়ান জানায়, আলোচনায় যুদ্ধ বন্ধের পাশাপাশি রাশিয়া ও ইউরোপের মধ্যে দীর্ঘমেয়াদি নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। তবে রাশিয়ার দাবির মুখে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার লক্ষ্য শুধু যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের স্থায়ী অবসান নিশ্চিত করা। এ জন্য ইউরোপকে আলোচনার টেবিলে রাখার প্রয়োজনীয়তার কথা বলেছেন তারা। আলোচনায় ন্যাটো-রাশিয়া কাউন্সিল পুনরুজ্জীবিত করা এবং সমঝোতার অংশ হিসেবে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিরাপত্তা কাঠামোয় সংকট মোকাবিলায় নিয়মিত পরামর্শ, নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা, সামরিক স্বচ্ছতা এবং উত্তেজনা কমাতে পারস্পরিক পদক্ষেপের কথা রয়েছে।
মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার বলেছেন, নতুন কাঠামো ইউক্রেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলতে পারে। এতে কয়েক দশক, এমনকি কয়েক শতাব্দী ধরে শান্তি বজায় রাখার পরিবেশ তৈরি হতে পারে।
আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফও অংশ নিচ্ছেন। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির গোয়েন্দাপ্রধান রুস্তেম উমেরভ। অন্যদিকে, রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। প্রথমবারের মতো রাশিয়ার প্রতিনিধি দলে কূটনীতিক সের্গেই রিয়াবকভকেও আলোচনায় রাখা হয়েছে।
আবা/এসআর/২৬
