যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের আকাশপথে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেয়ায় দেশজুড়ে সব উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এর ফলে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) দেশজুড়ে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। 

এফএএ জানায়, দেশটির এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোর মধ্যে যোগাযোগে সমস্যা দেখা দেয়। এসব কেন্দ্র উড়োজাহাজের আকাশপথে চলাচল নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব বহির্গামী ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখা হয়।

তবে নির্দেশ জারির সময় আকাশে থাকা উড়োজাহাজগুলোকে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে এফএএ।

সংস্থাটি আরও জানায়, সব ফ্লাইটের অবস্থান সম্পর্কে তারা অবগত রয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন বলেন, সব ফ্লাইটের অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষ অবগত রয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি জানান, প্রাথমিকভাবে এ ঘটনার পেছনে কোনো পরিকল্পিত হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। আপাতত এটিকে টেলিযোগাযোগ ব্যবস্থার ত্রুটি হিসেবে দেখা হচ্ছে।

 

আবা/এসআর/২৬