বিরল ভারত সফরে পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৬:৩০ | অনলাইন সংস্করণ

দীর্ঘদিনের বৈরী সম্পর্কের মধ্যেই বিরল এক সফরে ভারতে গেছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী ড. মুসাদিক মালিক। ২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাতের পর এই প্রথম পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফর করছেন।

শুক্রবার (২০ নভেম্বর) মালিক ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান। 

আলজাজিরা জানিয়েছে, ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) প্রথম ‘সভ্যতাবিষয়ক সংলাপ’ ফোরামে (সিভিলাইজেশনাল ডায়ালগ) যোগ দিতে ভারতে গেছেন তিনি। 

নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশন মালিকের পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হাই কমিশন বলেছে, দিল্লিতে আয়োজিত এসসিও-এর এই সাংস্কৃতিক বৈঠকে ড. মালিক পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন।

ভারতের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত এই সম্মেলনে এসসিওভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার সন্ধ্যায় সম্মেলনের উদ্বোধন করবেন। শনিবার বক্তব্য দেওয়ার কথা রয়েছে পাকিস্তানি মন্ত্রীর।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসসিওর সক্রিয় সদস্য হিসেবে আঞ্চলিক সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর লক্ষ্যেই দেশটি এই সম্মেলনে অংশ নিচ্ছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২০২৩ সালের মে মাসে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়ায় এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিয়েছিলেন। এরপর তিন বছরেরও বেশি সময়ের মধ্যে পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রীর এটিই প্রথম ভারত সফর। 

তবে ২০২৪ সালের অক্টোবরে এসসিওর সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তান সফর করেছিলেন।

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। ২০২৫ সালের এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত এবং এর জেরে মে মাসে দুই দেশ সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে এবং চার দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হয়।

এদিকে পাকিস্তানের মন্ত্রীর এই সফরকে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের একটি বিরল সুযোগ হিসেবে দেখা হচ্ছে। তবে সফরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠকের ঘোষণা দেওয়া হয়নি। 

উল্লেখ্য, চীন, ভারত, পাকিস্তান, রাশিয়া, ইরানসহ ১০টি দেশ এসসিওর সদস্য। আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানো এই সংস্থার অন্যতম লক্ষ্য।