ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

নতুন ভৌগোলিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি ইরানের

নতুন ভৌগোলিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সামরিক সংঘাত শুরু হলে আগের নির্ধারিত সীমার বাইরে নতুন ভৌগোলিক এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি)।

শুক্রবার (২০ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি এই হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইরানের ওপর মার্কিন হামলায় যেসব দেশ অংশ নেবে, তারাও ইরানের পাল্টা আঘাতের লক্ষ্যবস্তু হবে।

বেলালি আরও বলেন, নতুন অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনার জন্য ক্ষেপণাস্ত্রের সংখ্যা, উৎক্ষেপণের স্থান কিংবা প্রয়োজনীয় সামরিক সরঞ্জামের ক্ষেত্রে ইরানের কোনো সীমাবদ্ধতা নেই। সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ পাওয়া মাত্রই এসব সক্ষমতা কাজে লাগানো হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শত্রুপক্ষ যেখানেই অবস্থান করুক, হামলা হলে সেখানে পাল্টা আঘাত হানার সক্ষমতা আইআরজিসির রয়েছে।’

বেলালি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় প্রতিপক্ষকে ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যবস্থার মতো প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ ও কার্যকর করতে বিপুল অর্থ এবং দীর্ঘ সময় প্রয়োজন হয়।

ইরানের ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোকেও দেশটির সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পরস্পরবিরোধী খবর প্রচারকে ‘শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধ’ হিসেবে অভিহিত করে বেলালি বলেন, ‘জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ ছড়িয়ে দেওয়াই এ ধরনের প্রতিবেদনের মূল লক্ষ্য’।

এর আগে চলতি মাসের শুরুতে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর দেশটির স্বেচ্ছায় আরোপ করা ২ হাজার কিলোমিটারের সীমা তুলে নেওয়া হয়েছে।

এর আগে ইরান স্বেচ্ছায় নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ ২ হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার নীতি অনুসরণ করে আসছিল। এই পাল্লার মধ্যে ইসরায়েলসহ পুরো আরব উপদ্বীপ, লেভান্ত অঞ্চল, মিসরের অধিকাংশ এলাকা এবং গ্রিস ও বলকান অঞ্চলের কিছু অংশ রয়েছে।

মর্কিন কর্মকর্তারা অবশ্য আগেই সতর্ক করেছেন, ইরান নিজস্ব মহাকাশ কর্মসূচিতে ব্যবহৃত প্রযুক্তি কাজে লাগিয়ে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইনিবিএম) তৈরি করতে পারে। এমন ক্ষেপণাস্ত্র কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সাম্প্রতিক বক্তব্যের পর আইআরজিসির এই ঘোষণা সামনে এলো।

তিনি আইআরজিসিকে নিদেশ দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে যেকোনো ধরনের কিংবা যেকোনো মাত্রার সামরিক বা সন্ত্রাসী হামলা চালানো হলে, ইরানের সশস্ত্র বাহিনীকে কোনো রকম ‘ভৌগোলিক সীমাবদ্ধতা’ ছাড়া তাৎক্ষণিক ও অত্যন্ত কার্যকর পাল্টা আঘাত হানতে হবে।

তবে নতুন ভৌগোলিক এলাকা বলতে ইরান ঠিক কোন কোন দেশ বা অঞ্চলকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে, তা নির্দিষ্ট করে জানাননি আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার বেলালি।

ইরানের,প্রস্তুতি,হামলা,ক্ষেপণাস্ত্র,ভৌগোলিক অঞ্চলে,নতুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত