ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় ‘অন্যায্য’: মিয়ানমার

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় ‘অন্যায্য’: মিয়ানমার

রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘অন্যায্য’ বলে দাবি করেছে দেশটির সরকার। শুক্রবার (২০ নভেম্বর) মিয়ানমারের এক সরকারি কর্মকর্তা বলেছেন, আদালতের এ সিদ্ধান্ত সর্বসম্মত নয় ও তার দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।

মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সো বলেন, আমাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, আমি বলতে চাই, এই সিদ্ধান্ত সবার সর্বসম্মত সিদ্ধান্ত নয়। এটি ন্যায়সংগত নয়।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে আইসিজের রায় নিয়ে এ প্রতিক্রিয়া জানান তিনি।

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঐতিহাসিক রায় দেন আইসিজে। মামলাটি দায়েরের সাত বছর পর আদালত রায় দেন। এতে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করেছে আদালত।

নাজি হলোকাস্টের পর আন্তর্জাতিক আদালতে গণহত্যার আইনি মানদণ্ড পূরণ হয়েছে বলে রায় দেওয়া এটি চতুর্থ ঘটনা।

আইসিজের বিচারকেরা রায়ে বলেছেন, মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা পুরুষ ও ছেলেদের গণহারে হত্যা করেছে। রোহিঙ্গা নারীদের ওপর ব্যাপক ধর্ষণ ও যৌন সহিংসতা চালিয়েছে। তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযান চালানোর সময় শত শত গ্রাম পুড়িয়ে দেওয়া কিংবা পুরোপুরি ধ্বংস করা হয়েছে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার। বর্তমানে যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে তাদের ওপর সহিংসতা আরও বাড়ছে। পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশে ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরগুলোতেও তাদের জীবনযাপনের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন।

আদালতের রায়ে বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ পরে নির্ধারণ করা হবে। একই সঙ্গে মিয়ানমারের বেআইনি কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ দিতে হবে।

বাংলাদেশের বিস্তীর্ণ রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে হাজার হাজার মানুষ আইসিজের রায় উদযাপন করেছেন। তবে কবে তারা নিজ দেশে ফিরতে পারবেন, তা এখনো অনিশ্চিত।

আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করে এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে রায় দেয়। আদালতের রায় চূড়ান্ত হলেও তা বাস্তবায়নে আদালতের ক্ষমতা সীমিত। ফলে মিয়ানমারের বিরুদ্ধে দেওয়া এই ঐতিহাসিক রায় বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

আইসিজের ১৯১ পৃষ্ঠার রায়ে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর রাখাইন রাজ্যের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার ঘটনা নিয়ে রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনও উল্লেখ করা হয়েছে।

ওই হত্যাকাণ্ডের ঘটনা অনুসন্ধান করতে গিয়ে রয়টার্সের দুই সাংবাদিক গ্রেফতার হন ও ৫০০ দিনের বেশি কারাবন্দি ছিলেন।

রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সো বলেন, বিশ্বের প্রধান নেতারা এর আগে আইসিজের মতো ‘রাজনৈতিক সংস্থা’গুলোর বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছেন।

মিয়ানমার,‘অন্যায্য’,রায়,আইসিজ,মামলা,গণহত্যা,রোহিঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত