মার্কিন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২২:৫৮ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। এতে যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটিকে জরুরি অবতরণ করতে হয়েছে বলে জানিয়েছে তেহরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপসাগরের আকাশে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
শনিবার ইরানের সেনাবাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলটকে অভিযান বাতিল করতে হয়। পরে কাছের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করেন তিনি।
এদিকে উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালিয়ে সেটি ক্ষতিগ্রস্ত করার ইরানের দাবি নাকচ করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার ইরান কোনো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালায়নি।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আগের দিন ইরান কোনো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক যুদ্ধবিমান নিরাপদ রয়েছে এবং সেগুলোর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
সূত্র: আল-জাজিরা
আবা/এসআর/২৬
